
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য ও মারামারির মামলায় আওয়ামী যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন— উপজেলার ঘোলদাড়ী পাইকপাড়া গ্রামের মৃত আবছার মালিথার ছেলে মো. আব্দুল কুদ্দুস (৫৬) এবং নগর বোয়ালিয়া গ্রামের মৃত জাহিদ বিশ্বাসের ছেলে মো. শাহান বিশ্বাস (৪২)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী , আব্দুল কুদ্দুস আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং শাহান বিশ্বাস ভাংবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে , আলমডাঙ্গা থানার মামলা তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩ , ১৪৮ , ১৪৯ , ৩২৩ , ৩২৪ , ৩২৬ , ৩০৭ , ৩৪২ , ৪২৭ , ৪৩৫ , ১১৪ , ৫০৬ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ , ৪ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।
এজাহার সূত্রে জানা যায় , মামলায় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি, বেআইনিভাবে আটক , মারধর করে সাধারণ ও গুরুতর জখম , অগ্নিসংযোগ ও ভাঙচুর , ভয়ভীতি প্রদর্শন এবং ককটেল হেফাজতে রাখা ও বিস্ফোরণের অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য , মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুস ও শাহান বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে , মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





