
পাবনার ঈশ্বরদীতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজিত পথসভায় বাধা ও হুমকির অভিযোগ উঠেছে।
ছাত্রদল নেতা পরিচয়দানকারী এক ব্যক্তির নেতৃত্বে এই কর্মসূচি পণ্ড করার চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় জ্বালানি ও সেবার দাম বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে পূর্বনির্ধারিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছিল জাতীয় নাগরিক পার্টির ঈশ্বরদী উপজেলা শাখা।
কর্মসূচি চলাকালীন হঠাৎ সেখানে উপস্থিত হয়ে বাধা সৃষ্টি করেন ‘শান্ত’ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে স্থানীয় ছাত্রদল নেতা বলে পরিচয় দেন। এ সময় এনসিপির নেতাকর্মীদের নানা ধরনের হুমকি প্রদান করা হয় বলেও অভিযোগ ওঠে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “দেশ ও জনগণের ন্যায্য অধিকার এবং জনস্বার্থের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে এমন বাধা ও হুমকি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।” তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




