
কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, রিমান্ড শেষে এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্তসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে নিয়মিত মামলায় দুজন, রিমান্ড শেষে দুজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার (৬ অক্টোবর) উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে বালুখালী সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিস এবং পালংখালী সীমান্ত এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





