![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৯:২৮ এ.এম
উখিয়ায় রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন পাটোয়ারটেক এলাকায় ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান শুরু হয় ।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ৫টি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন । পরে এ ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায় । প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে । তিনি আরো বলেন নিহতদের পরিচয় ও মোট প্রাণহানির সংখ্যা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে ।
অগ্নিকাণ্ডে কাঠের তৈরি রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালমান রয়েছে ।
প্রত্যক্ষদর্শীদের ধারণা অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে রিসোর্ট-এর রান্নাঘর থেকে।
স্থানীয়দের দাবি, ঘটনার পর রিসোর্টটির কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটিতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে ।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.