উখিয়ায় সরকারি সারের কৃত্রিম সংকট, বিপাকে প্রান্তিক কৃষক

সময়মতো ইউরিয়া না পেয়ে ফসলহানির আশঙ্কা—মিয়ানমারে পাচারের অভিযোগ
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা উখিয়ায় সরকারি সারের তীব্র কৃত্রিম সংকট দেখা দিয়েছে। নির্ধারিত ডিলার পয়েন্টগুলোতে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে অনেক কৃষককে খালি হাতে ফিরতে হচ্ছে। সময়মতো ইউরিয়া সার প্রয়োগ করতে না পারায় ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় প্রান্তিক কৃষকেরা।
কৃষকদের অভিযোগ, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার হয়ে যাওয়ার কারণেই স্থানীয় বাজারে এই সংকট তৈরি হয়েছে। তাঁদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নির্ধারিত মূল্যে সার সংগ্রহ করতে গিয়ে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, সীমান্তপথে পাচার হওয়া ইউরিয়া সার মিয়ানমারে কৃষিকাজের পাশাপাশি সংঘাতপূর্ণ এলাকায় বিস্ফোরক তৈরির কাজে ব্যবহারের উদ্দেশ্যেও নেওয়া হচ্ছে। ইউরিয়ায় থাকা নাইট্রোজেনের কারণে এটি বিস্ফোরক তৈরিতে ব্যবহারের উপযোগী হওয়ায় সংঘাতপ্রবণ অঞ্চলে এর চাহিদা বেড়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। ফলে অধিক দামে বিক্রির আশায় একটি চোরাচালানচক্র দেশের বাজার থেকে সার সংগ্রহ করে সীমান্তপথে পাচার করছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, সার সংকটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। নির্ধারিত সময়ে জমিতে সার প্রয়োগ করতে না পারলে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় কৃষক মো. কামাল উদ্দিন বলেন, “ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো সার পাইনি। সময়মতো সার দিতে না পারলে জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে। আমরা দ্রুত এই সংকটের সমাধান চাই।”
কৃষকদের দাবি, স্থানীয় বাজারে সারের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে সার পাচার বন্ধে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে প্রকৃত কৃষকের হাতে নির্ধারিত মূল্যে সরকারি সার পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন