প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১১:৪৬ এ.এম
বর্ণাঢ্য আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজের জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৭৫৪ জন ছাত্র এবং ৪০০ জন ছাত্রী। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।
আজ শনিবার (৩ অক্টোবর) সকালে দিনাজপুর সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে জীবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করতে হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস। দলবাজির ক্যাম্পাস হবে না। শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণবিশ্বাস আছে।তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করা জরুরি। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ফ্রিল্যান্সিং ও আধুনিক প্রযুক্তির সুফল পেতে শিক্ষার্থী ও যুবসমাজকে যথাযথ প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সারাদেশজুড়ে বিস্তৃত অধিভুক্ত কলেজগুলোর অবকাঠামো কাজে লাগিয়ে দ্রুত বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে এসব দক্ষতা ও প্রশিক্ষণ পৌঁছে দেওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এ কাজটি দক্ষতার সঙ্গে এগিয়ে নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, ‘উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও আমাদের নজর দিতে হবে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করবে না, তারা সুস্থ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে উঠবে।’
তিনি বলেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থার মধ্যে আটকে থাকলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। সময়ের সঙ্গে পরিবর্তিত বিশ্বব্যবস্থা ও কর্মবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষাব্যবস্থায় গতিশীলতা আনা জরুরি। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম হালনাগাদের কাজে হাত দিয়েছে। ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। অনেক দূর এগিয়েছি আমরা। আগামী এক সপ্তাহের মধ্যে সংশোধিত আইসিটি সিলেবাস অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষার্থী ও সরকারের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে বিভিন্ন প্রফেশনাল ও দক্ষতাভিত্তিক কোর্স চালু করা হচ্ছে।
দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, আঞ্চলিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্প্রসারণ করা গেলে শিক্ষার্থীদের কাছে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ড. আমানুল্লাহ বলেন, ‘জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেই আজকের এই বিভাগীয় পর্যায়ে এসেছে শিক্ষার্থীরা। এখান থেকে যারা ভালো করবে, তাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি হবে। আমি আশা করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মাঠ থেকেই একদিন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসবে।’
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও নানা সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়েও তাদের শিক্ষাজীবনকে আনন্দময় করে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া খাতে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো সাময়িক কোনো পদক্ষেপ নয়; দীর্ঘদিনের গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিভাবান খেলোয়াড়দের ধরে রাখতে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম রাউন্ড সম্পন্ন হয়েছে। প্রতিটি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ এবং উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। খেলাধুলার সুযোগ বাড়ানোর মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে।
যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার গত সাত মাসে তরুণ যুবক ও তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে দুটি প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। মাত্র তিন মাসের প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছেন।কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুগঠিত করতে ক্রীড়াঙ্গনের ভূমিকার কোনো বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় শিক্ষাপরিবার; এই বিশাল যুবশক্তিকে কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ না রেখে খেলার মাঠে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য, যেন তারা ভবিষ্যতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হয়ে উঠতে পারে।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ৬ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। বিভিন্ন ইভেন্টে বিভাগীয় পর্যায়ে যারা প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করবেন, তারা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উদ্বোধনী আয়োজনকে ঘিরে দিনাজপুর সরকারি কলেজ মাঠে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। বিভিন্ন কলেজের শিক্ষার্থী-অ্যাথলেট, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। প্রতিযোগীদের মধ্যে ছিল নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়, আর দর্শকদের মধ্যে ছিল প্রিয় দল ও খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার উচ্ছ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরেরর পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, উপাধ্যক্ষ মো. কামরুল হাসান এবং দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ। এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনাজপুরে বিকেএসপি,যুব উন্নয়ন অধিদপ্তর এবং স্টেডিয়াম পরিদর্শন করেন।