![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ১২:৪২ পি.এম
একের পর এক পদত্যাগে বিপাকে এনসিপি, দ্বিতীয়বারের মতো পদত্যাগ করলেন জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা
রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠনে চলমান পদত্যাগের ধারাবাহিকতার মধ্যেই দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা। বুধবার (১১ মার্চ ২০২৬) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি সাংগঠনিক অসহযোগিতা, বিভাজন এবং কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়ের ঘাটতির কথা উল্লেখ করে দলীয় কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে জানান। শিগগিরই কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ৩০ নভেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিপিন জ্যোতি চাকমা। পরে ২৩ ডিসেম্বর ২০২৫ অনুমোদিত জেলা আহ্বায়ক কমিটিতে তাকে আহ্বায়ক করা হয়।
এর আগে রাঙ্গামাটি এনসিপির জেলা কমিটির ১৩ জন নেতা পদত্যাগ করেন। এছাড়া জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমাও পদত্যাগ করেন। অন্যদিকে জুরাছড়ি উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটির সদস্যসহ ৮৭ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দেন এবং উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন।
বিপিন জ্যোতি চাকমার ফেসবুক পোস্টের নিচে জাতীয় শ্রমিক শক্তির সদ্য সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা মন্তব্য করে লেখেন, “রাজনীতির কোনো শেষ নেই, দল বদল হতে পারে।”
এ বিষয়ে বিপিন জ্যোতি চাকমার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধারাবাহিক পদত্যাগে রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছ।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.