পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা-র টিকিকাটা মাদ্রাসার সামনে খালের ভেতরে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি মিলনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নির্দেশনা উপেক্ষা করেই তিনি এ দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিকিকাটা মাদ্রাসার সামনের খালটি এলাকার পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি ওই খালের একাংশ ভরাট করে কাঠামো নির্মাণ শুরু করেন মিলন। ইতোমধ্যে খালের ভেতরে পিলার স্থাপন ও কাঠের ফ্রেম তৈরি করে দোকান নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, খাল দখলের ফলে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা বাড়িয়ে তুলবে। তারা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করা হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “খাল আমাদের সবার সম্পদ। এটি দখল করে দোকান নির্মাণ করা হলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে।”
এ বিষয়ে অভিযুক্ত মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী দ্রুত খালটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।




