এসএসসি পরীক্ষা চলাকালে লোডশেডিং বন্ধে লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের আবেদন

 চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পড়ার পরিবেশ নিশ্চিত করতে লক্ষ্মীপুরে লোডশেডিং বন্ধের দাবিতে আবেদন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা।

বুধবার (২২ এপ্রিল) সকালে প্রথমে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং পরে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে পৃথকভাবে এ আবেদন জমা দেওয়া হয়।

এসময় লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি আব্দুল আওয়াল হামদুরের পক্ষে আবেদনটি জমা দেন শহর সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন খান, লক্ষ্মীপুর সরকারি কলেজ সভাপতি আল আমিন, লক্ষ্মীপুর পলিটেকনিক সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, লক্ষ্মীপুর পৌরসভা (দক্ষিণ) সভাপতি আলী মোহাম্মদ সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আবেদন শেষে শহর সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল বলেন, “চলমান পরীক্ষার সময়ে শিক্ষার্থীরা বিশেষ করে রাতের বেলায় প্রস্তুতি নিতে গিয়ে লোডশেডিংয়ের কারণে মারাত্মক ভোগান্তিতে পড়ছে। সুষ্ঠু ও নির্বিঘ্ন পরীক্ষা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে এবং তারা লোডশেডিং কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন।

 

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন