![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১:১১ পি.এম
কলাপাড়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের সন্তান মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, তার গর্ভের সন্তানের মৃত্যু ও পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর পটুয়াখালী ক্যাম্পের সিপিসি-১ ও বরিশালের সদর কোম্পানির যৌথ দল এ অভিযান চালায়। গ্রেপ্তার সোহাগ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের ফোরকান সিকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর অভিযুক্ত ব্যক্তিরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে তানিয়া বেগম ও তার স্বামীকে মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং তানিয়া বেগমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে সাত মাসের অন্তঃসত্ত্বা তানিয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভপাত হয়। গর্ভের সন্তানকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার পর থেকে সোহাগ সিকদার পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.