
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। জেলেদের কাছ থেকে নানা অজুহাতে টাকা আদায়ের কারণে অতিষ্ঠ হয়ে পরেছে উপকূলের জেলেরা। স্থানীয় জেলেদের অভিযোগ, সাগরে মাছ ধরতে যাওয়ার সময় নানা অজুহাতে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আড়ৎ মালিকদের মাধ্যমে ট্রলার ভেদে প্রতিটি ট্রিপে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। আবার অনেক জেলেকে ধরা মাছের ওপর নির্দিষ্ট পার্সেন্টেজ হিসেবেও টাকা দিতে বাধ্য করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, দাবি করা টাকা না দিলে তাদের মারধর করা হয়। এমনকি কাঁচা মাছ খাইয়ে দেওয়া, মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়া এবং অকারণে মামলায় আসামি করার মতো ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা।
তবে চাঁদা আদায়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন।
এদিকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।




