পিরোজপুরের কাউখালীতে শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব ঘিরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ধর্মীয় আয়োজন। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে মূল ধর্মীয় অনুষ্ঠান। উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আশ্রম প্রাঙ্গণ।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ। এতে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত ও নেপালসহ বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশ নিচ্ছেন।
বুধবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আশ্রম প্রাঙ্গণে সঙ্ঘের পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করেন। পরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় আশ্রমে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে উৎসবের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। এ সময় তিনি উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান।
উৎসবের উদ্বোধনী আয়োজন ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
শ্রীগুরু সঙ্ঘের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, নির্বাহী সহসভাপতি শংকর দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক ভক্ত স্বর্ণকার এবং কেন্দ্রীয় কমিটির কর্মী প্রধান রতন লাল করসহ আশ্রমের কর্মকর্তা ও ভক্তরা।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি উৎসবকে ঘিরে আশ্রমসংলগ্ন মাঠে বসেছে মাসব্যাপী গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন পণ্যের দোকান, কাঠ ও আসবাবপত্রের দোকান, নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা মেলায় আসছেন।
আশ্রম কর্তৃপক্ষ জানায়, বাংলা ১৪৩৩ সনের ৮ থেকে ১২ অগ্রহায়ণ, অর্থাৎ ২৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী মূল উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।
উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে।
এদিকে উৎসবকে কেন্দ্র করে আশ্রম ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সার্বক্ষণিক নজরদারির জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। পুরো অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় এনে পর্যবেক্ষণ করা হচ্ছে।