![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১০:৪৬ এ.এম
কাউখালী ৫০ শয্যা হাসপাতালে ১০ শয্যা খাবার বরাদ্দ, বিপাকে ভর্তি রোগীরা
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামোগত উন্নয়ন ও শয্যাসংখ্যা বৃদ্ধির অনুমোদন মিললেও রোগীদের খাবার বরাদ্দে কাটেনি দীর্ঘদিনের সংকট। হাসপাতালটি ১০ শয্যা দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ৩১ শয্যার কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ৫০ শয্যায় উন্নীত করার অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি ভর্তি রোগীদের খাবার বরাদ্দ। ফলে প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশ সরকারি খাবারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর সঙ্গে রয়েছে প্রয়োজনীয় জনবল সংকট, যা হাসপাতালের চিকিৎসাসেবা পরিচালনায় বাড়তি চাপ সৃষ্টি করছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৮২ সালে মাত্র ১০ শয্যার একটি টিনশেড ভবনের মাধ্যমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসা সেবার পরিধি বাড়তে থাকে। এক পর্যায়ে হাসপাতালটি ৩১ শয্যায় উন্নীত হয়। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন পাওয়া যায়। তবে শয্যাসংখ্যা ও রোগীর চাপ বাড়লেও সরকারি খাদ্য বরাদ্দ এখনো ১৯৮২ সালের ১০ শয্যার হিসাবেই রয়ে গেছে। হাসপাতালে প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশু চিকিৎসা নিতে ভর্তি হন। অনেক সময় ৫০ থেকে ৬০ জন পর্যন্ত রোগী হাসপাতালে অবস্থান করেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন মাত্র ১০ জন রোগীর খাবারের বরাদ্দ পাওয়া যায়। এতে বাকি রোগীদের খাবারের ব্যবস্থা করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিষয়টি আরও কষ্টকর হয়ে উঠেছে। অনেক রোগীর স্বজনের পক্ষে প্রতিদিন বাইরে থেকে খাবার কিনে আনা সম্ভব হয় না। সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরও প্রয়োজনীয় খাবার না পাওয়ায় তাদের ভোগান্তি বাড়ছে। অন্যদিকে সীমিত বরাদ্দের কারণে কাকে খাবার দেওয়া হবে, আর কাকে দেওয়া সম্ভব হবে না এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শিবলী সফিউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে কাউখালীর সাধারণ মানুষ ও স্থানীয় মুরুব্বিদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিষয়টির পেছনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৮২ সালে যখন হাসপাতাল টি চালু হয়, তখন এটি ছিল ১০ শয্যার একটি টিনশেড হাসপাতাল। পরবর্তী সময়ে ধাপে ধাপে হাসপাতাল টি ৩১ শয্যায় উন্নীত হয় এবং ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৫০ শয্যার অনুমোদন পাওয়া যায়। তিনি আরও বলেন, ২০২৫ সালে ৫০ শয্যার অনুমোদন পাওয়ার পর হাসপাতালের কার্যক্রম ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়গুলো এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালের ইউজার ফি (সেবা গ্রহণকারীদের কাছ থেকে আদায় করা নির্ধারিত ফি) যথাযথভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে। খাদ্য বরাদ্দের সংকট প্রসঙ্গে ডা. শিবলী সফিউল্লাহ বলেন, ১৯৮২ সালে ১০ শয্যার রোগীদের জন্য যে খাদ্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল, এখনো সেই বরাদ্দই বহাল রয়েছে। অথচ বর্তমানে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। বিষয়টি সমাধানে আমি নিজ উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থ বিভাগের সংশ্লিষ্ট পরিচালকের সঙ্গে যোগাযোগ করি। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শাখায় হাসপাতালের শয্যাসংখ্যা ও প্রাতিষ্ঠানিক তথ্য সংশোধনের বিষয়েও কাজ শুরু করি। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক তথ্য এবং এইচআরএম (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) ব্যবস্থায় হাসপাতালের শয্যাসংখ্যা আগে ১০ রয়েছে। পরবর্তী সময়ে সেগুলো সংশোধন ও উন্নীত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ অর্থবছরের শুরুতে জুন-জুলাই মাসের দিকে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। তখন হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও পরবর্তী সময়ে তিনি বদলি হয়ে যাওয়ায় প্রক্রিয়াটি আর এগোয়নি। আরএমও আরও বলেন, পরবর্তীতে নতুন সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৫০ শয্যায় উন্নীত হওয়ার অনুমোদনের প্রমাণপত্র জমা দিতে বলেন। সে অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালের খাদ্য, স্টেশনারি ও ধোলাই খাতের বরাদ্দ বাড়ানোর বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ৫০ শয্যার অনুকূলে এসব খাতে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যাবে। রোগীদের খাবার সংকট নিয়ে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে ডা. শিবলী সফিউল্লাহ বলেন, বিষয়টি তাঁর কাছেও অত্যন্ত দুঃখজনক। হাসপাতালে যখন ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি থাকেন, তখন সরকারি বরাদ্দ অনুযায়ী মাত্র ১০ জনকে খাবার দেওয়া সম্ভব হয়। বাকি রোগীরা খাবারের প্রত্যাশায় তাকিয়ে থাকেন। একজন চিকিৎসক ও হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এমন পরিস্থিতি তাঁর কাছেও কষ্টদায়ক। এ বিষয়ে হাসপাতালের খাদ্য, স্টেশনারি ও ধোলাই-সংক্রান্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসএম বাংলাদেশ এর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মেহেরাজ সরকার রাজু জানান, ২৬-২৭ অর্থ বছরের জন্য তারা এ কাজের দায়িত্ব নিয়েছেন। তবে তাদের কাছে থাকা কার্যাদেশ ও প্রয়োজনীয় কাগজপত্রে এখনো ১০ জন রোগীর খাবার, স্টেশনারি এবং ধোলাইয়ের বরাদ্দ উল্লেখ রয়েছে। অথচ হাসপাতালে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি থাকেন, কোনো কোনো সময় এ সংখ্যা ৬০ জনেও পৌঁছায়। ফলে মাত্র ১০ জনের জন্য বরাদ্দকৃত খাবার দিয়ে এতসংখ্যক রোগীর চাহিদা পূরণ করতে গিয়ে তাদেরও নানা ধরনের বিপাকে পড়তে হচ্ছে। তিনি আরো জানান, ধোলাইয়ের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা রয়েছে। নিয়ম অনুযায়ী ১০ জন রোগীর কাপড় ধোলাই করার কথা থাকলেও বাস্তবে অনেক সময় ৪০ থেকে ৫০ জন রোগীর কাপড় ধোলাইয়ের চাপ সামলাতে হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি বলেন, বিষয়টি নিয়ে তারা হাসপাতালের আরএমও ডা. শিবলী সফিউল্লাহর সঙ্গে একাধিক বার আলোচনা করেছেন। তিনি সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে এখনো বরাদ্দ সংক্রান্ত জটিলতা পুরোপুরি নিরসন করা সম্ভব হয়নি। এ সময় তারা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা ও বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য, স্টেশনারি ও ধোলাইয়ের বরাদ্দ দ্রুত বৃদ্ধি করা প্রয়োজন। অতি দ্রুত এসব সমস্যার সমাধান করা হলে চিকিৎসা নিতে আসা কাউখালীর অসহায় ও দরিদ্র মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
এ বিষয়ে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বলেন, আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনস্বার্থসংশ্লিষ্ট এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের পর জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যের সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি। তিনি বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় খুব শিগগিরই এ সমস্যার একটি স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।
স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালের ৫০ শয্যার অনুমোদন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে এর সঙ্গে সামঞ্জস্য করে খাদ্য বরাদ্দ, স্টেশনারি, ধোলাই এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা হলে হাসপাতালে ভর্তি হওয়া দরিদ্র ও অসহায় রোগীরা সরকারি স্বাস্থ্যসেবার প্রকৃত সুফল পাবেন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দীর্ঘদিনের এ সংকট নিরসন সম্ভব হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.