কাজিরচরে তিতাস গ্যাস লিকেজ নিয়ে ধূম্রজাল, অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর এলাকায় তিতাস গ্যাস লিকেজের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মসূয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন মিয়ার নাম জড়িয়ে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ইউপি সদস্য মিলন মিয়ার সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার নির্বাচনী প্রতিপক্ষ একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে। আমার সুনাম ক্ষুণ্ন করতেই এ অপপ্রচার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “তিতাস গ্যাস কিংবা কোনো চুন কারখানার সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। যদি প্রমাণিত হয় যে আমি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাহলে সরকার ও প্রশাসন আমার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেবে, আমি তা মাথা পেতে নেব।”
মিলন মিয়া দাবি করেন, “আমার সম্পর্কে এলাকাবাসীর কাছে খোঁজ নিলে কেউ আমার বিরুদ্ধে কোনো অসৎ কর্মকাণ্ডের অভিযোগ করতে পারবে না। আমি আজ পর্যন্ত কোনো দরবার বা সালিশে অর্থের বিনিময়ে বিচার করিনি।”
এদিকে, তিতাস গ্যাস লিকেজের ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। তদন্ত শেষে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন