কাজী যেন ম্যাজিশিয়ান: ২০২৪ সালে মারা যাওয়া যুবকের বিয়ে ২০২৬ সালে রেজিস্ট্রি

দুই বছর আগে মারা যাওয়া যুবকের আবার নতুন করে বিয়ের রেজিস্ট্রি! গাইবান্ধার সুন্দরগঞ্জে এমন অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন স্থানীয় নিকাহ রেজিস্ট্রার (কাজী) আব্দুল হাই। ২০২৪ সালে প্রয়াত মতিয়ার রহমান নামের এক যুবকের বিয়ে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি রেজিস্ট্রি দেখানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জালিয়াতির এমন ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

​ইউনিয়ন পরিষদের নথি ও মৃত্যুসনদ অনুযায়ী, তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের তরুণ মতিয়ার রহমান ২০২৪ সালের ১৭ এপ্রিল গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন।

​স্থানীয়রা জানান, জীবিত থাকা অবস্থায় গ্রামের মো. নায়েব আলীর মেয়ে শারমিন আক্তারের সাথে মতিয়ারের বিয়ে হয়। মতিয়ারের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী শারমিনের অন্যত্র বিয়ে হয়ে যায়। সম্প্রতি পারিবারিক প্রয়োজনে মতিয়ারের বাবা মো. হোসেন আলী ছেলে ও সাবেক পুত্রবধূর বিয়ের পুরোনো নিকাহনামা তুলতে কাজীর দ্বারস্থ হন।

​মতিয়ারের বাবার দাবি, পুরোনো বালাম বই থেকে নকল সরবরাহ না করে উল্টো মোটা অঙ্কের টাকার বিনিময়ে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে নতুন করে বিয়ের এন্ট্রি দেন কাজী আব্দুল হাই। জালিয়াতি জানাজানি হয়ে গেলে কাজী তাড়াহুড়ো করে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখ বসানো অপর একটি নকল কপি ধরিয়ে দেন।

​ক্ষোভ প্রকাশ করে হোসেন আলী বলেন, “আমার ছেলে দুই বছর আগেই মারা গেছে। আমি শুধু তাদের আগের বিয়ের একটা কপি চেয়েছিলাম। কাজী টাকার লোভে আমার মৃত ছেলের নামে ২০২৬ সালের তারিখে ভুয়া বিয়ে রেজিস্ট্রি করেছেন। আমি এই প্রতারণার কঠিন বিচার চাই।”

​তবে জালিয়াতির সব দায় অস্বীকার করে কাজী আব্দুল হাইয়ের দাবি, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ অসত্য। কোনো টাকার লেনদেন হয়নি, আর বালাম বইয়ের আইনি তথ্য অনুযায়ীই সনদ দেওয়া হয়েছে।”

​এদিকে একই বিয়ের বিপরীতে দুটি ভিন্ন তারিখের (২০২৪ ও ২০২৬ সাল) নথি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী কাজীর মূল বালাম বই জব্দ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, মতিয়ার রহমান ২০২৪ সালেই মারা গেছেন এবং তার মৃত্যুর আনুষ্ঠানিক সনদ পরিষদ থেকে আগেই ইস্যু করা হয়েছে।

​এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, মৃত্যুর পর কারো বিয়ে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ আইনে নেই। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।