
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ০৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারা দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঠালিয়া উপজেলার ০৬নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সম্প্রতি আওরাবুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আকনের হাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে এসব ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
সংবাদসূত্রে জানা যায়, এই কর্মসূচির সৌজন্যদাতা মোঃ শামসুল হক সুমন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ সুলতান হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আলম মীর, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ সিকদার এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ মহিউদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের তৃণমূল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চারা বিতরণের পাশাপাশি মোঃ শামসুল হক সুমন নিজে উপস্থিত থেকে রোপণকৃত গাছের সঠিক লালন-পালন, ঔষধি ব্যবহার বিধি এবং স্বাস্থ্য সংক্রান্ত নানাবিধ প্রয়োজনীয় পরামর্শমূলক আলোচনা করেন।
বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছের চারা পেয়ে আওরাবুনিয়া ইউনিয়নের প্রায় ৪ শত পরিবার অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। প্রার্থীর এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকার সাধারণ জনগণ মোঃ শামসুল হক সুমনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
