
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার আহমেদ বাবলু (সাবেক চেয়ারম্যান) সহ সাতজনকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১০ই নভেম্বর )দুপুরের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি পালনকালে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার আহমেদ বাবলু (পিতা- মৃত সুলতান বিশ্বাস), ভাংবাড়ীয়া এলাকার বাসিন্দা রেজাউল করিম (পিতা- মৃত ইকতার মন্ডল), আসমত উল্লা মোল্লা সুজন মেম্বার (পিতা- আবু উদ্দিন) এবং আমারত আলী (পিতা- মৃত ইছাহাক প্রামাণিক)।
একই সময়ে ওই এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



