
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চার কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁদের দীর্ঘদিনের কর্মজীবন ও দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের হাতে লাম্প গ্রান্টের চেক, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
সম্মাননাপ্রাপ্তরা হলেন— কালীগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেন, কর আদায়কারী মো. আশরাফ আলী জোয়ারদার, সহকারী কর আদায়কারী মো. আবু জামান লস্কার এবং কসাইখানা পরিদর্শক মরহুম আসম আব্দুস সামাদ। তাঁকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরীফ মো. মফিজুর রহমান, গাজী মো. আবুল কাশেম, মো. কবীর হাসানসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁদের কর্মনিষ্ঠা, দায়িত্ব পালন ও পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসরজীবনের সুখ-শান্তি কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আলমগীর কবির।





