কিশোর শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী কিশোর মো: শাকিলের মরদেহ ময়নাতদন্তের পর সকল আইনি প্রক্রিয়া শেষে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বিকেলে বিজিবি ও বিএসএফের সমন্বিত আলোচনার পর আখাউড়া থানা পুলিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মরদেহটি শাকিলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 নিহত শাকিল উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাশার ভূঁইয়া মালুর মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান,শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার সে নিখোঁজে হয়। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি, মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় এই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন। ঘটনাটি জানাজানি হলে মরদেহ হস্তান্তর নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়। মরদেহটি ভারতীয় ভূখন্ডে থাকায় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য ভারত পুলিশ নিয়ে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, শিশুটি কীভাবে সীমান্তের ওই এলাকায় গেল এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ভারতীয় সীমান্তে পাওয়া যাওয়ায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের প্রশাসনিক পর্যালোচনার পর ভারতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে বিএসএফ মরদেহটি বাংলাদেশি পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তরের পর তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন