![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ৮:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ১১:৩২ এ.এম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জিরো টলারেন্সে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমন
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
শনিবার (৯ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সীমান্তে যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ করা হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.