![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৭:৩৪ এ.এম
কুমারখালীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে জিসান (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের কাজীপাড়া সংলগ্ন গাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মেহেরপুর জেলার গাংনী উপজেলার শওরাতলা গ্রামের বাসিন্দা। তিনি বদরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-২২-০০৯৭ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে চালিয়ে এসে নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমন চালক জিসান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাক ও নছিমনটি চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন আটক করা হয়েছে।
চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.