
সীমান্তের নিরাপত্তা ভেদ করে দেশের ভেতরে প্রবেশ করার আগেই বিশাল এক চোরাচালান সিন্ডিকেটের স্বপ্ন ধূলিস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। কুমিল্লার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম ও সদর উপজেলায় রবিবার ভোরে পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও অন্যান্য পণ্য জব্দ করেছে তারা। বিজিবির এই আকস্মিক ও কঠোর অবস্থানে রীতিমতো নড়েচড়ে বসেছে অপরাধী চক্র।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে ১০ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শিবেরবাজার ও কটকবাজার বিওপির বিশেষ টহল দল অত্যন্ত সুকৌশলে সীমান্তবর্তী এলাকায় ওত পাতে।
অভিযানের বিস্তারিত বিবরণে জানা যায়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মালামাল দেশের অভ্যন্তরে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু বিজিবির চৌকস দল বাংলাদেশের প্রায় ৬ কিলোমিটার ভেতরে চৌয়ারা বাজার এবং ৫ কিলোমিটার ভেতরে পালপাড়া নামক স্থানে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা যানবাহনসহ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস, রেডবুল এবং মুভ মলম ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব যানবাহন ও বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়। যার সর্বমোট বাজারমূল্য প্রায় ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। বিধি মোতাবেক জব্দকৃত এসব মালামাল ইতোমধ্যে সংশ্লিষ্ট কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান নির্মূলে ১০ বিজিবির এমন কড়া পাহারা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।




