![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৭:০৬ এ.এম
কুমিল্লার নগরীর কাশারীপট্টিতে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক
কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় বাড়িতে ঢুকে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোর গ্যাং ‘বজ্রপুর সায়েম গ্রুপ’-এর নেতা সায়েমকে আটক করে র্যাবের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সায়েমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।
আহত শিক্ষার্থী বিজয় কাশারীপট্টি এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হামলার পর তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত সায়েম একই ওয়ার্ডের বজ্রপুর এলাকার কাইয়ুম মিয়ার ছেলে এবং একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে রাহুল, হৃদয়, পিয়াস, কালাসহ প্রায় ২০ জনের একটি দল দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে এ হামলায় অংশ নেয়।
স্থানীয় সূত্র জানায়, সায়েম গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগে একই গ্রুপের হামলায় কাশারীপট্টি এলাকার পরিবহন নেতা হাজী মাশুক গুরুতর আহত হন।
এছাড়া গত এক বছরে একাধিকবার মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এ গ্যাংটি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.