কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালিন একটি অবিষ্ফোরিত বোমাসদৃশ মর্টার শেল উদ্ধার হয়েছে। রোববার সকালে বোম ডিস্ফোজাল ইউনিট মর্টার শেলটি খালি জমিতে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সানা উল্লাহ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর মজিদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কৃষি জমিতে কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি মর্টার শেলটি দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সেটি কার্টুনে ভর্তি করে উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। পরে বোম ডিস্ফোজাল ইউনিট ও সিটিটিসিকে খবর দেয়া হয়। রোববার সকালে ডিএমপির সিটিটিসির পরিদর্শক(নিঃ) মোদাচ্ছের কায়সার, পিপিএম এর নেতৃত্বে ও চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সানা উল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় বোম ডিস্ফোজাল ইউনিট কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় খালি জায়গায় মর্টার শেলটি ধ্বংস করা হয়। বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরাতন হলেও এখনো সক্রিয় রয়েছে। সম্ভবত এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে নিক্ষেপ করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সানা উল্লাহ বলেন, ‘মর্টার শেলটি উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রোববার সকালে বোম ডিস্ফোজাল ইউনিট, সিটিটিসি ও ডিএমপির বিশেষজ্ঞ টিম মর্টার শেলটি বিষ্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে’।



