কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রয়েল কোচ নামের ৩টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রয়েল কোচের অন্তত তিনটি পরিত্যক্ত বাস দীর্ঘদিন ধরে ডিপোতে পড়ে ছিল। বাসগুলো অপসারণের জন্য ডিপো কর্তৃপক্ষ একাধিকবার সংশ্লিষ্টদের অনুরোধ করলেও তা সরানো হয়নি। ফলে এসব বাসে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা ছিল বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় অসতর্কতার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাসের মালিক সাইফুল ইসলাম বলেন, পরে বিস্তারিত জানাব।
কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের লিডার কাউছার আহম্মদ বলেন- এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




