
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর থেকে উপজেলা সদরে সংযোগকারী প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটি আজ কেবল একটি ভাঙাচোরা পথ নয়, বরং এটি দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতা, চরম অবহেলা ও দায়িত্বহীনতার এক পচাগলা দলিল। কুমিল্লা ক্যান্টনমেন্ট, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের মতো অত্যন্ত কৌশলগত, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হওয়া সত্ত্বেও গত ১৭ বছর ধরে এই জনপথটি উন্নয়নের আলো থেকে সম্পূর্ণ বঞ্চিত রাখা হয়েছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার প্রধান যোগাযোগের মাধ্যম হওয়া সত্ত্বেও বিগত ১৭ বছরে এই রাস্তাটি দেখার বা মেরামতের ন্যূনতম কোনো উদ্যোগ কেউ নেয়নি, যা এলাকাবাসীকে হতবাক ও ক্ষুব্ধ করে তুলেছে। বছরের পর বছর ধরে খানাখন্দ আর জলাবদ্ধতায় জর্জরিত এই সড়কটি এখন সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম না হয়ে এক অবর্ণনীয় যন্ত্রণার পচা নরকে পরিণত হয়েছে, যা এলাকাবাসীর মনে তীব্র রাগ, ঘৃণা ও চরম বিরক্তির আগুন জ্বালিয়ে দিয়েছে।
মাঠপর্যায়ের অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তন ও বিভিন্ন সরকারের পালাবদল ঘটলেও এই অঞ্চলের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে যেমন ইচ্ছাকৃতভাবে এই জনপদকে অবহেলার অন্ধকারে রাখা হয়েছে, তেমনি বর্তমান সরকারের মেয়াদেও এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ এই ১০ কিলোমিটার রাস্তার ওপর নির্ভর করে প্রতিদিন কুমিল্লা ক্যান্টনমেন্টের আশপাশের যাতায়াতকারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী, কৃষক ও ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। সামান্য বৃষ্টিতেই সড়কে বড় বড় গর্তে পচা পানিতে সয়লাব হয়ে যায়, যার ফলে রিকশা, সিএনজি কিংবা জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদের জন্য এই অত্যন্ত জরুরি পথটি পাড়ি দেওয়া এখন এক অমানবিক মরণযাত্রার সমতুল্য।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের প্রতিটি মানুষের চোখে-মুখে আজ ধিক্কার আর ক্ষোভের আগুন। দীর্ঘ ১৭ বছর ধরে বারবার আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি গিলিয়ে এই গুরুত্বপূর্ণ রুটটির সাথে কেবল প্রতারণা করা হয়েছে। উন্নয়নের নামে বরাদ্দকৃত অর্থের হরিলুট কিংবা নীতিনির্ধারকদের চরম দায়িত্বহীনতার কারণেই আজ এই জনগুরুত্বপূর্ণ সড়কটির এমন পচাকর্তা ও কংকালসার দশা দেখে জনতা ফুঁসে উঠেছে। মৌলিক অধিকার এবং ন্যূনতম যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত এই এলাকার মানুষ এখন চরম বিরক্ত ও ক্ষুব্ধ। অবিলম্বে এই সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলার জন্য জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার কাজ শুরু না করা হলে যেকোনো সময় বৃহত্তর গণআন্দোলন ও তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



