কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় মো. মোক্তার মিয়া (৪৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোক্তার মিয়া উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার শান্তি মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ১৪ অক্টোবর রাতে এ ঘটনায় কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
এর আগে একই মামলায় আওয়ামী লীগের দুই ওয়ার্ড সভাপতি মোয়াজ্জেম হোসেন ও মোহাম্মদ মহিউদ্দিনসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ মোক্তার মিয়ার গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।