![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৬:০৫ এ.এম
কেরানীগঞ্জে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেফতার ২এক কোটি ২০ লাখের জমি ২০ লাখ টাকা দেখিয়ে রেজিস্ট্রির চেষ্টা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বায়নানামার ফটোকপি ঘষামাজা করে জাল দলিল তৈরির মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ঢাকা সদরের দলিল লেখক জহিরুল হক ও জমির গ্রহীতা মো. মিলন। বৃহস্পতিবার ১০ টার দিকে সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কার্যালয়ের মোহরার ফারুক হোসেন বাদী হয়ে গ্রেফতার দুজনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।
সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ মৌজায় আড়াই শতাংশ জমির বায়নাসূত্রে মালিক হন এক ব্যক্তি। ওই জমির ওপর রয়েছে পাঁচতলা একটি বাড়ি।
বায়নানামায় জমিসহ বাড়িটির মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ২০ লাখ টাকা। সম্প্রতি জমিসহ বাড়িটি কেনার প্রস্তাব দেন মো. মিলন। আলোচনা চূড়ান্ত হলে বুধবার দুপুরে রেজিস্ট্রি সম্পাদনের জন্য দুই পক্ষ দলিল লেখকসহ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান।
অভিযোগ রয়েছে, রেজিস্ট্রির জন্য জমা দেওয়া মূল বায়নানামার ফটোকপিতে ঘষামাজা করে ১ কোটি ২০ লাখ টাকার জায়গায় ২০ লাখ টাকা লেখা হয়। এভাবে জমির প্রকৃত মূল্য থেকে এক কোটি টাকা কম দেখিয়ে সরকারি রাজস্ব ও চালানের কয়েক লাখ টাকা ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি কার্যালয়ের কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে জমির দাতা জানান, তাঁকে না জানিয়েই ফটোকপিতে মূল্য পরিবর্তন করা হয়েছে। পরে দলিল লেখক ও জমির গ্রহীতাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজগর হোসেন বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কার্যালয়ের এক মোহরার বাদী হয়ে জাল দলিল সৃজনের অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.