![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১০:৪০ এ.এম
কেরানীগঞ্জে বারবার উচ্ছেদ দখলের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো দুই শতাধিক স্থাপনা
ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে উচ্ছেদ ও পুনর্দখলের এমন পাল্টাপাল্টি পরিস্থিতির পর এবার আর শুধু দোকান সরিয়ে দেওয়া নয়, অবৈধ স্থাপনাগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (৯নভেম্বর) বিকেল৩.৩০ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে দেওয়া হলেও পরদিনই আবার সেখানে দোকান বসিয়ে ফুটপাত দখল করা হয়। এভাবে প্রশাসনের উচ্ছেদের পর আবারও দখল নেওয়ার ঘটনা ঘটছিল। এ পরিস্থিতিতে রোববার বুলডোজার দিয়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। আর এ দোকানগুলো থেকে জমিদারি হিসেবে স্থানীয় প্রভাবশালীরা আদায় করতো লাখ লাখ টাকা।
প্রশাসনের পক্ষ হতে আরও জানানো হয় যে, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা, যানজট নিরসন এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদের পর যাতে কেউ পুনরায় সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ বা দোকানপাট বসাতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হবে।
স্থানীয়রা দোকানদার দিন ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এবার স্থাপনাগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ায় ফুটপাত ও সড়কে চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.