বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জের উদ্যোগে নিরাপদ ফসল উৎপাদন, উন্নত পদ্ধতিতে মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় পদ্ধতিতে হাঁস-মুরগি পালন বিষয়ক তিনটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
​আজ বুধবার (২৯ জুলাই-২৬) আরডিএ’র হলরুমে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরডিএ গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন কোর্সগুলোর উদ্বোধন করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ গোপালগঞ্জের পরিচালক মো. মাহমুদুন্নবী, যুগ্ম-পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক এবং উপ-পরিচালক মোর্শেদ হাসান মোস্তফা। এছাড়া সংস্থায় কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার বিভিন্ন মসজিদের ৪০ জন ইমাম ও মোয়াজ্জিন এবং ৪০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
​আরডিএ’র মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাজ সংস্কার ও নীতি-নৈতিকতার পাশাপাশি ইমামগণ মানুষের আয়-রোজগার ও আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের আর্থিক উন্নতি সাধন করবেন, অন্যদিকে সমাজের মানুষের মাঝে কাজের ইতিবাচক ও ভালো দিকগুলো ছড়িয়ে দেবেন।
​তিনি আরও উল্লেখ করেন যে, দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে আরডিএ গোপালগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এখানে বিভিন্ন ধরণের গবেষণামূলক ও প্রায়োগিক কাজ চলমান রয়েছে।
​নিরাপদ খাদ্য উৎপাদনের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, আরডিএ-তে নিরাপদ দই উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে একটি ‘ট্রাইকোডার্মা ল্যাব’ স্থাপন করা হচ্ছে, যা এই অঞ্চলের নিরাপদ খাদ্য উৎপাদনে যুগান্তকারী ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেককে হাতে-কলমে ব্যবহারিক কাজ শিখতে হবে, যাতে প্রশিক্ষণ শেষে সরাসরি উৎপাদন বৃদ্ধি এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়

গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়নসভা