কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় টানা শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে ঐতিহ্যবাহী ‘সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন’। ঘোষিত ফলাফলে দেখা যায়,শতভাগ পাসের হার নিয়ে উপজেলার শীর্ষে অবস্থান করছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
২০২২ সাল থেকে পাশের হার এবং জিপিএ-৫ (এচঅ-৫) প্রাপ্তির দিক থেকে প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে। পরীক্ষার এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল।
বিদ্যালয়ের শতভাগ পাসের অনুভূতি ব্যক্ত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে বলেন, আমাদের এই কৃতিত্ব মূলত সুশৃঙ্খল পাঠদান পদ্ধতি, নিয়মিত মূল্যায়ন পরীক্ষা এবং শিক্ষকদের একাগ্রতার ফসল। শিক্ষার্থীরা তাদের কষ্টের ফল পেয়েছে। আমরা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে এবং ফলাফলের গুণগত মান আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মহসীন বলেন, কৃতকার্য সকল শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই। আমি আশা প্রকাশ করছি, এই অর্জন উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষার মানোন্নয়নে উৎসাহিত করবে।
উল্লেখ্য, শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শুধু ফলাফলেই নয়, উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে।#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন