ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে আহত আরেকজন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বুধবার (১৮ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।
নিহত প্রবাসীর নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ নিয়ে সৌদি আরবে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজন।
গত ৮ মার্চ সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে যায় এবং পায়ের গোড়ালি ভেঙে যায়। এরপর থেকে তাকে লাইফসাপোর্টে রাখা হয়।
এর আগে, একই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নামে দুই প্রবাসী নিহত হন। সৌদি আরবে ইরানের একই হামলায় আরও ৯ জন প্রবাসী হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে নরসিংদী মনোহরদীর অনিক মিয়া মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আইসিইউতে আছেন।এ ছাড়া বাহরাইনে এস এম তারেক ও সংযুক্ত আরব আমিরাতে আহমেদ আলী নামে আরও দুই জন প্রবাসী মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।




