খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

খাগড়াছড়িতে বিপরীত দিক থেকে আসা (রং সাইড) একটি দ্রুতগামী সেনা প্রকৌশল কোরের পিকআপ ভ্যানের নির্মম ধাক্কায় নিরুপন চাকমা (৪৫) নামের এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক মদ্যপ ও অস্বাভাবিক অবস্থায় অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। হেলমেট পরিহিত থাকা সত্ত্বেও চালকের নৃশংস পেষণে ওই কর্মকর্তার মুখমণ্ডল সম্পূর্ণ থেঁতলে যায়। এই মর্মান্তিক ও অপমৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তাঁরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেছেন।
​ঘটনাটি ঘটে আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলয আনুমানিক ৪টা ৪৫ মিনিটে, খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের দ্বিতীয় গেটের ঠিক পাশেই।
মর্মান্তিক দুর্ঘটনা ​নিহত নিরুপন চাকমা দিঘীনালা যুব উন্নয়ন অফিসে কর্মরত ছিলেন। অফিসিয়াল কাজ শেষে নিজের মোটরসাইকেলে করে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে খাগড়াছড়ি কৃষি গবেষণা ২য় গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (রং সাইড) প্রচণ্ড গতিতে ছুটে আসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি পিকআপ ভ্যান।
​প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পিকআপটি এতটাই ওভারস্পিডে ছিল যে চালক নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে নিরুপন চাকমার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়েচ প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে ছিটকে গিয়ে পড়ে।
​ঘাতক পিকআপটি নিরুপন চাকমাকে সোজাসুজি চাপা দিয়ে সামনে এগিয়ে যায়, যার ফলে পিকআপটির সামনের একটি চাকাও ফেটে (ব্লাস্ট হয়ে) যায়। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও ঘাতক গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে তাঁর মুখমণ্ডল ও শরীরের উপরিভাগ ভয়াবহভাবে ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে।
​ঘটনার পর ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফেটে যাওয়া চাকা নিয়েই সে গাড়ি চালিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করলে স্থানীয় সাহসী এলাকাবাসী ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পিকআপটিকে ধাওয়া করে ধরে ফেলেন।
​কিন্তু স্থানীয়দের হাতে আটকা পড়ার পরও চালক অত্যন্ত চতুরতার সাথে পরিস্থিতি সামলে আবারও কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় চালকের আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক এবং প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি নেশাগ্রস্ত ছিলেন।
​বিচারহীনতার হাহাকার: কোথায় পাবো এই অপমৃত্যুর প্রতিকার?
​একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা এভাবে রাজপথে বেপরোয়া গাড়ির নিচে পিষ্ট হয়ে প্রাণ হারাবেন—এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর স্বজন, সহকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। আইন ও নিয়মের রক্ষক হয়েও চালকের এমন বেপরোয়া ও মদ্যপ চালনা একটি তাজা প্রাণ কেড়ে নেয়ায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
​”কোথায় পাবো বিচার এই অকাল ও অপমৃত্যুর? আমরা শুধু একটি লাশ চাই না, এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই”—বলেই কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবার ও সহকর্মীরা।
উল্লেখ্য, খাগড়াছড়িতে চলতি বছরেই ৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানি ঘটেছে ১৬ জনের তাজা প্রাণ। আহত হয়েছেন ৭৯ জন মানুষ।
​নিরাপদ সড়কের দাবি এবং ঘাতক চালককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

যশোর ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবস-২৬ উদযাপন অনুষ্ঠানে চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্যের অংশগ্রহণ

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোর অঞ্চলের ক্যান্টনমেন্টে মহান