খাগড়াছড়ির পানছড়ির দক্ষিণ নালকাটা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের দক্ষিণ নালকাটা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ২১তম দানোত্তম কঠিন চীবর দান অত্যন্ত জাঁকজমকপূর্ণ, সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে।
​দিনব্যাপী এ আয়োজনের শুরুতে সকালে ছিল ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান। সকালের পর্বে সংঘপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের ৫ম মহামান্য সংঘরাজ, অনাথ পিতা, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকার মিরপুর আদিবাসী গ্রীন হার্ট কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ পরম কল্যাণমিত্র শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং দক্ষিণ নালকাটা জনকল্যাণ বৌদ্ধ বিহারের কল্যাণে পার্বত্য ভিক্ষু সংঘ কল্যাণ ট্রাস্ট থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
​বিকেলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের আলোচনা সভা। এতে সংঘপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি, পার্বত্য চট্টল অনাথ বৌদ্ধ আশ্রম ও প্রজ্ঞা বোধিচারিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বোয়ালখালী রাজ দশবল বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম কল্যাণমিত্র ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীতানন্দ মহাথের।
​অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত অনুত্তর পূণ্যক্ষেত্র মহান গুণোত্তম পূজনীয় পবিত্র শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। দক্ষিণ নালকাটা জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কল্যাণ শ্রী ভিক্ষু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং উৎসর্গ পর্বের কার্যাদি সম্পাদন করেন। এছাড়া পুণ্যার্থীদের উদ্দেশে বিশেষ ধর্ম দেশনা প্রদান করেন শ্রীমৎ ধর্মশ্রী ভিক্ষু।
​উদযাপন কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটির সভাপতি অসেতু বিকাশ চাকমা এবং উদযাপন কমিটির উপদেষ্টা ও পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন জুনেল চাকমা।
​দিনব্যাপী এই উৎসবে খাগড়াছড়ির বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত পুণ্যার্থী অংশ নেন এবং কঠিন চীবর দান ও সংঘদানসহ নানা পূণ্যকাজে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন