দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হলো মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহেল রানা (৪২)। তথ্য প্রযুক্তির ব্যবহার এবং খুলনা র্যাব (RAB) সদস্যদের সহায়তায় কাজিরহাট থানা পুলিশের একটি চৌকস দল খুলনা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সোহেল রানা বরিশাল জেলার কাজিরহাট থানাধীন গৌরিপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানার বিরুদ্ধে ২০০৮ সালের এপ্রিল মাসে গাজীপুরের টংগী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। টংগী থানার মামলা নং-১৯(০৪)০৮। উক্ত মামলায় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ১(খ) ধারায় অভিযোগ আনা হয়েছিল।
মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০১২ সালে আদালত সোহেল রানাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে রায়ের পর থেকেই গ্রেফতার এড়াতে সোহেল রানা দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামির অবস্থান শনাক্ত করে। এরপর আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায় যে, সে বর্তমানে খুলনায় অবস্থান করছে। দ্রুততম সময়ে খুলনা র্যাব সদস্যদের সাথে সমন্বয় করে খুলনা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাজিরহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা চ্যালেঞ্জিং ছিল। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার সচেতন মহল পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এ ধরনের কুখ্যাত অপরাধী গ্রেফতার হওয়ার ফলে এলাকায় মাদকের বিস্তার ও অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।




