“গত ২০ বছরে দেশের উন্নয়ন হয়নি” : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশের গত ২০ বছরে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে যখন দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সীমিত সম্পদ নিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তবে দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাস থেকেও কীভাবে উন্নয়ন করা যায়, সেটিও ভাবছেন।
জনগণের জীবনমান উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
মীর শাহে আলম আরও বলেন, চলতি বছর স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। একই সঙ্গে আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মহাসড়কের সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকার দুই পাশে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণ করে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

“বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (২০) পরিবার ৮২,০০০০০/= লক্ষ টাকা অনুদান পেল

সড়ক চলাচলে দুর্ঘটনায় আহত ও নিহিত পরিবারের সহযোগিতায় পাশে দাঁড়ালেন