![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৫:২১ এ.এম
গলাচিপায় পুলিশের অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ নাজমুল প্যাদা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পানপট্টি লঞ্চঘাট বাজারে মো. রাজা আনোয়ারের চায়ের দোকানের সামনে ওয়াপদা বেড়িবাঁধের ব্লক-সংলগ্ন সড়ক থেকে ২০ গ্রাম গাঁজাসহ নাজমুল প্যাদাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল প্যাদা পানপট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিবির হাওলা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মিজানুর প্যাদার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় গলাচিপা থানায় ৪ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ০৮ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.