
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নের গোলখালী মৌজার গোলখালী গ্রামে সরকারি খাসজমি থেকে অবৈধভাবে স্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলখালী গ্রামের সরকারি খাসজমি থেকে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছিল। এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলার উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত মোঃ শহীদুল ইসলাম প্যাদাকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে অভিযুক্ত মোঃ শহীদুল ইসলাম প্যাদা, পিতা: মৃত আবদুল মজিদ প্যাদা, সাং-গোলখালী-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাসজমি রক্ষা, অবৈধ মাটি কাটা বন্ধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল, মাটি কাটা কিংবা ক্ষতিসাধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



