
পর্যায়ক্রমে জেলা পর্যায়ের পেশাদার খেলোয়াড়দেরও বেতনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
পটুয়াখালীর গলাচিপায় খেলাধুলার প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি। তিনি বলেছেন, খেলোয়াড়দের অন্যান্য পেশার মতো বেতনের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ের পেশাদার খেলোয়াড়দেরও বেতনভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ২২টি দল অংশ নিচ্ছে।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, একটি সুস্থ, সবল ও সুন্দর আগামীর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করে এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও খেলার মাঠে বিভিন্ন মত ও পথের মানুষ একসঙ্গে মিলিত হন। তাই খেলাধুলা ও সংস্কৃতির প্রসার ঘটাতে পারলে সমাজের বিভাজন ও বিভেদ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখায়। তবে খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হয়েছে। এখন কে কোন রাজনৈতিক দল করেন, সেই বিভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
এ সময় তিনি আরও জানান, এ অঞ্চলের প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অসত্য তথ্য ছড়ানোর বিষয়ে নুরুল হক নুর বলেন, কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে নিজ এলাকায় এমন পরিস্থিতি তৈরি করতে চান না, যাতে কেউ বলতে পারেন, সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচার করায় মামলা করা হয়েছে। এ কারণেই এখন পর্যন্ত এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ও সার বিক্রির ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এসব কার্যক্রম যথাযথ নিয়ম অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে। স্থানীয় কোনো সমস্যা থাকলে তা উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা তাঁকে জানালে সমাধানের চেষ্টা করা হবে। কোনো বিষয়ে সঠিক তথ্য না জেনে মিথ্যা তথ্য প্রচার না করার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্যসচিব মো. জাকির হোসাইন মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নেছার উদ্দিন রাড়ী ও আবদুস সোবহান, প্রতিমন্ত্রীর ছোট ভাই আমিনুল ইসলাম নুর, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসাইন, গলাচিপা ক্রীড়া সংস্থার সদস্য আবুল হোসাইনসহ স্থানীয় বিএনপি, গণ অধিকার পরিষদ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেলুন ও পায়রা উড়িয়ে ২২টি দলের অংশগ্রহণে আয়োজিত পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় স্থানীয় প্রয়াত খেলোয়াড়দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।




