
গাইবান্ধায় তরুণ সাংবাদিকদের বঞ্চিত করে জেলা তথ্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার একাধিক তরুণ সাংবাদিক।
বুধবার গাইবান্ধা সার্কিট হাউজে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবাদ জানান তরুণ সাংবাদিকদের একটি অংশ। তাদের অভিযোগ, জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক তরুণ সাংবাদিককে প্রশিক্ষণ কর্মসূচিতে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। ফলে পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছেন।
প্রতিবাদকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না রেখে কর্মরত সব সাংবাদিকের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা উচিত।
তারা বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।



