
‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’ ও ‘ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ি’—এমন বার্তাকে সামনে রেখে গাইবান্ধা সরকারি কলেজে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাসুদুর রহমান, দর্শন বিভাগের প্রভাষক মোঃ ইফতেখারুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম আজাদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অভিযানের অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান, রাস্তার পাশ ও সবুজ চত্বরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে ক্যাম্পাসের কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্যও গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার রাখা, পানি জমে থাকা স্থান অপসারণ এবং সবাইকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা প্রয়োজন।
এ সময় ‘আসুন ক্যাম্পাস পরিষ্কার করি’ ও ‘ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ি’ স্লোগানে শিক্ষক-শিক্ষার্থীরা পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অংশগ্রহণকারীরা জানান, পরিচ্ছন্নতা অভিযানকে একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।





