![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৯:৪৩ এ.এম
গাজীপুরের কাপাসিয়ায় ১২৫০ লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ২
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ থেকে ১ হাজার ২৫০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পিকআপে থাকা দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা জ্বালানি তেল ও পিকআপটি থানায় নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ৮ টার সময় আমরাইদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈশাখী ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন নিয়ে পিকআপটি কাপাসিয়ার বিভিন্ন এলাকায় খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আমরাইদ বাজার এলাকায় পিকআপটি আটক করা হয়। পরে প্রশাসনকে খবর দেওয়া হলে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান ঘটনাস্থলে গিয়ে জ্বালানি তেলসহ পিকআপটি জব্দ করেন এবং দুজনকে আটক করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, পিকআপে ছয়টি ড্রামে মোট ১ হাজার ২৫০ লিটার পেট্রোল ও অকটেন ছিল। নম্বরপ্লেটবিহীন পিকআপটিতে জ্বালানি তেল পরিবহনের বৈধ কাগজপত্র ছিল কি না এবং কী উদ্দেশ্যে এসব তেল নেওয়া হচ্ছিল, তা যাচাই করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান জানান, জব্দ করা জ্বালানি তেল ও পিকআপটি থানায় নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেল পরিবহন ও বিপণনের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মনীতি অনুসরণ করা জরুরি। বিশেষ করে পেট্রোল ও অকটেনের মতো দাহ্য পদার্থ পরিবহনে নিরাপত্তাবিধি লঙ্ঘিত হলে অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
ঘটনাটি তদন্ত করে জ্বালানি তেলের উৎস, পরিবহনের বৈধতা এবং খোলাবাজারে বিক্রির উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.