![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৫:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৭:৫৪ এ.এম
গাজীপুরে গভীর বনে মিলল ১২ ঘোড়ার মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি
গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র।
সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এসব দেহাবশেষ পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে বিষয়টি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, জঙ্গলের ভেতর ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি । পরে তাঁর কাছ থেকে খবর শুনে তিনি দেখতে এসেছেন।
আরেক বাসিন্দা মোস্তফা বলেন, কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি পায়ে হাঁটা পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। ওই পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘোড়ার বিভিন্ন অঙ্গ পড়ে ছিল। দেখে মনে হয়েছে, সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সুমন প্রধান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাথাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখেছেন। বিষয়টি থানায় জানানো হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেলে যাওয়া দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.