গাজীপুরে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার দাবি ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পলাতক আনোয়ারকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরও বলেন, আনোয়ারকে একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়েছিল। তবে সেখান থেকে ফিরে আসার পরও পরিবার তাঁকে মাদক সেবন থেকে বিরত রাখতে পারেনি। মাদকের বিরুদ্ধে কথা বলায় আনোয়ার লাঠি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর বাবার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। পরে আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন