![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৯:১৬ এ.এম
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও পুলিশ আক্রান্ত মামলায় ৪ জন গ্রেফতার
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলা ও পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত ০৯ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত এবং সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে রয়েছেন নীরব হাসান ওরফে রায়হান (২৩)। তিনি টাঙ্গাইল সদর থানার বীরপুশিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় আতিকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে আব্বাস উদ্দিন শান্ত (২৪)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উজিরপুর তেমুনিয়া বাজার এলাকার মৃত আনহার উদ্দিনের ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন আউটপাড়া এলাকায় কুলফির বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
একই মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে রোমান (১৯) নামের আরেক যুবককে। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুকাইল গ্রামের হামেদ আলীর ছেলে। বর্তমানে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় রকির বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অন্যদিকে, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ হারুন সরকার (৪০) নামের এক ব্যক্তিকে। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রূগজোর গ্রামের মৃত ইয়াকুব সরকারের ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকায় বসবাস করতেন।
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.