![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৯:২৭ এ.এম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত ১টা থেকে ২টার মধ্যে পূবাইল থানার মেঘডুবি কালি ফ্যাক্টরির কাছে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পূবাইল থানার এসআই মো. আনোয়ার ইসলাম মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। শিশু ইয়ামনি তাঁর মেয়ে। তারা গাজীপুর মহানগরীর সদর থানার সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।
এসআই আনোয়ার জানান, ভোররাতে সড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। শিশু ইয়ামনিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
এসআই আনোয়ার বলেন, মা-মেয়ে কোথায় যাচ্ছিলেন এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা কোনো গাড়ির ধাক্কায় তাঁরা আহত হন। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.