![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১১:১৮ এ.এম
গাজীপুরে স্নিগ্ধা হত্যার অভিযোগে স্বামীর দুই দিনের রিমান্ড
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় আফসানা আক্তার স্নিগ্ধা (২১) হত্যা মামলায় তাঁর স্বামী মেহেদী হাসান মারুফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, অভিযান চালিয়ে গতকাল তাকে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মারুফকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রবিবার আসামি থানায় রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে মারুফ মাঝেমধ্যে স্নিগ্ধাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গত ১৮ সেপ্টেম্বর রাত আটটার দিকে ছোট বোন সিনথিয়ার সঙ্গে মুঠোফোনে স্নিগ্ধার সর্বশেষ কথা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে একই বাড়ির অপর এক ভাড়াটিয়া স্নিগ্ধার বাবাকে ফোন করে জানান, তাঁর মেয়ে বাসার ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তোষকের ওপর স্নিগ্ধার মরদেহ দেখতে পান। এ সময় বাসায় মারুফকে পাওয়া যায়নি।
এ ঘটনায় স্নিগ্ধার বাবা আফসার মিয়া বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.