
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে নতুন চারটি শাবক।
মাস দেড়েক আগে হঠাৎ গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি এলাকায় বনের ভেতর তাদের দেখা মিলছে। তবে শাবকগুলো মাদি না পুরুষ তা এখনো শনাক্ত করা যায়নি। শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সাফারি পার্ক কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে তথ্যটি জানান।
বর্তমানে নতুন জন্ম নেওয়া শাবকগুলো দিনভর মায়ের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে বনজুড়ে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে দৌড়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে মা নীলগাই।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, খুব সতর্ক অবস্থায় গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। সামান্য দূরে সতর্ক অবস্থায় নীলগাই শাবকের দিকে নজর রেখেছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, মাস দেড়েক আগে কোর সাফারিতে নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণরত করতে দেখা যায়। তাদের প্রতি বিশেষ যত্ন রাখা হচ্ছে। সার্বক্ষণিক শাবক দেখাশোনার জন্য হরিণ সাফারির দায়িত্বে থাকা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে শাবকগুলোর বয়স দেড় মাসের মতো হবে। নিরাপত্তার জন্য কাছাকাছি গিয়ে কয়টি মাদি এবং কয়টি পুরুষ তা নির্ধারণের চেষ্টাও করেনি কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তী সময়ে বেশ কয়েকটি শাবকের জন্ম দেয় গাজীপুর সাফারি পার্কে। সবশেষ পার্কে ১১টি নীলগাই ছিল, এর মধ্যে দুইটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে দেয়া হয়েছে। বর্তমানে পার্কে ৯টি নীল গাই রয়েছে; এর মধ্যে নতুন শাবক ৪টি নিয়ে বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।
