চাটখিলের তেল পাম্প গুলোতে আজ বৃহস্পতিবার থেকে তেল নিতে আসা গাড়ি চালকের জাতীয় পরিচয় পত্র, গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল সহ সব ধরনের গাড়ীতে জ্বালানি তেল না দেওয়ার জন্য তেল পাম্পগুলোকে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।গতকাল (১৫ এপ্রিল) রাতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা প্রশাসনের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা জনসমক্ষে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একইসঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।
আইনের এসব বিধান প্রতিপালনের লক্ষ্যে চাটখিল উপজেলার সকল তেল পাম্প ও এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে—যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেগুলোতে কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা যাবে না।
এদিকে, আগামীকাল থেকে এ নির্দেশনা শতভাগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।




