
বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড গোয়ালগাড়ি এলাকায় অবস্থানরত গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা সীমা মিত্র নামে এক নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপশহর পুলিশ ফাঁড়ি ও বগুড়া সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বগুড়া সদর থানায় নেওয়া হয়।
সূত্রের দাবি, সীমা মিত্রের ব্যবহৃত ‘Sima mittro 71’ নামের টিকটক আইডিতে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হয়েছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।
এদিকে দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের বগুড়া জেলা সদস্য শাকিল ইসলাম তনি বগুড়া নিউজকে জানান, তাদের সংগঠন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শাকিল ইসলাম তনি দাবি করেন, সংগঠনের বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে তারা জানতে পারেন, বগুড়া শহরের গোয়ালবাড়ি এলাকায় একটি বাড়িকে কেন্দ্র করে ‘ভয়েস অব ৭১’ নামে একটি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই কার্যক্রমের সঙ্গে সীমা মিত্রের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, ওই স্থান থেকে গোপন বৈঠক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিষয়টি যাচাই করতে অভিযান পরিচালনা করে বলে তিনি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে সীমা মিত্রের বক্তব্য এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত তথ্য যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না বা পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে বগুড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।



